জেলা প্রতিনিধি
১২ মে ২০২৬, ০২:২০ এএম
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ বলেছেন, বর্তমান সরকার মুক্ত গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। ক্ষমতা গ্রহণের আড়াই মাসে গণমাধ্যমে সরকার কোনো হস্তক্ষেপ করেনি। প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা মুক্তভাবে সংবাদ প্রচার করবে। তবে এক্ষেত্রে সাংবাদিকদেরকে পেশাদারত্ব ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে বলে আমি মনে করি।
সোমবার (১১ মে) বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটি আয়োজিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামাল উদ্দিন সবুজ বলেন, সরকার হস্তক্ষেপ না করলেও কোনো কোনো মালিকপক্ষ নিজেদের স্বার্থ রক্ষায় সেন্সরশিপ করে থাকেন। গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার আমলে সংবাদ মাধ্যমের ওপর হস্তক্ষেপ করায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অনেকেই তাদের মনের ভাব প্রকাশ করেছিল। একসময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিহার্য হয়ে পড়ে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে যেহেতু দায়বদ্ধতা নেই সেক্ষেত্রে তারা যা ইচ্ছা তা প্রচার করে। এক্ষেত্রে অপতথ্য ও গুজব ছড়িয়ে পড়ে। যা গণমাধ্যমের জন্য চ্যালেঞ্জ হয়ে পড়েছে। এসব মোকাবিলায় সরকার, মালিকপক্ষ ও সাংবাদিকসহ অংশীজনরা মিলে একটি রোডম্যাপ তৈরি করতে হবে।
ফেনী রিপোর্টাস ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আমার কাগজের সম্পাদক ফজলুল হক রানা, ফেনী জজ কোর্টের পিপি মেজবাহ উদ্দিন খান ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

ফেনী রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ফেনী রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন, সাবেক সভাপতি আরিফুল আমিন রিজভী, সাবেক সহ-সভাপতি ইসমাঈল হোসেন সিরাজী, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, ইয়ুথ জার্নালিস্টস ফোরাম ফেনীর সভাপতি শাহজালাল ভূঁইয়া, বাংলাদেশ বেতারের ফেনী প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, এখন টিভি ফেনী প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম, এখনটিভি নোয়াখালী প্রতিনিধি নাসিম শুভ ও পরশুরাম প্রেসক্লাব সভাপতি এম এ হাসান। এ সময় ফেনী রিপোর্টাস ইউনিটির কর্মকর্তা, সদস্যসহ ফেনীতে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফেনী রিপোর্টাস ইউনিটির সাবেক তিন সিনিয়র সদস্য ওসমান হারুন মাহমুদ দুলাল, আবুল কাসেম চৌধুরী ও ইসমাঈল হোসেন সিরাজীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রতিনিধি/এফএ