জেলা প্রতিনিধি
১১ মে ২০২৬, ১০:২২ পিএম
ফেনীর দাগনভূঞায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত হওয়ার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অভিযুক্ত ছেলে রাফি।
সোমবার (১১ মে) ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে সে তার মা, বাবা ও বোনকে কুপিয়ে জখম করার লোমহর্ষক বর্ণনা দেয়।
এর আগে রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সিন্দুরপুর ইউনিয়নের মকবুল হুজুরের বাড়িতে এ ঘটনা ঘটে। মাদকাসক্ত রাফি উত্তেজিত হয়ে তার মা লাকি আক্তার (৪০), বাবা মো. মোস্তফা (৪৫) ও বোন সাহারা আক্তার মিথিলাকে (১৮) এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাকি আক্তারকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
মামলার তদন্ত কর্মকর্তা আবদুল মোতালেব জানান, অভিযুক্ত রাফি অনলাইন থেকে দুটি ছুরি কিনে এনেছিল। ঘটনার দিন মায়ের সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে সে প্রথমে তাকে কুপিয়ে রক্তাক্ত করে। পরে বোন ও বাবা এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করে বলে আদালতকে জানিয়েছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, মাকে হত্যা ও বাবা-বোনকে আহত করার ঘটনায় শরিফা খাতুন নামে এক স্বজন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতার হওয়া আসামিকে আদালতে সোপর্দ করা হলে সে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেয়। আদালত তা ১৬৪ ধারায় লিপিবদ্ধ করেছেন।
প্রতিনিধি/একেবি