জেলা প্রতিনিধি
১১ মে ২০২৬, ১০:১৬ পিএম
হবিগঞ্জের বাহুবলে বাসচাপায় উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মনিরুজ্জামান খান ফারুক (৫০) নিহত হয়েছেন।
সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বাহুবল উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুজ্জামান খান ফারুক বিকেলে মোটরসাইকেলযোগে মিরপুরের বাসায় ফিরছিলেন। মৌচাক এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মনিরুজ্জামান উপজেলার সাহাপুর গ্রামের মৃত উস্তার মিয়ার ছেলে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে বাহুবল মডেল থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। তবে ঘাতক বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি।
মনিরুজ্জামান খান ফারুকের মৃত্যুতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিনিধি/একেবি