জেলা প্রতিনিধি
১১ মে ২০২৬, ১০:১০ পিএম
লক্ষ্মীপুরে একটি মারামারি মামলায় ফারহানা আক্তার শিল্পী নামে এক নারীসহ দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শিল্পীর সঙ্গে তার দেড় বছরের শিশুকেও কারাগারে যেতে হয়েছে। অন্যদিকে, স্কুলড্রেস পরিহিত তার আরও দুই সন্তান মায়ের জন্য জেলগেটে দাঁড়িয়ে ছিল।
সোমবার (১১ মে) দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের (সদর) বিচারক শাহ জামাল এ নির্দেশ দেন। বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেন আদালতের পেশকার দেলোয়ার হোসেন।
আসামিপক্ষের আইনজীবী মহসিন কবির স্বপন জানান, সিআর ৫৬৫ মামলায় শিল্পী ও জহির উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। শিল্পীর সঙ্গে তার দুগ্ধপোষ্য শিশু সিয়ামও এখন কারাগারে। অন্যদিকে তার অন্য দুই সন্তান শহীদ স্মৃতি আদর্শ একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্র শিপন হোসেন (১০) ও দ্বিতীয় শ্রেণির ছাত্রী তামান্না আক্তার (৮) জেলগেটে মায়ের জন্য অপেক্ষা করছিল। তাদের বর্তমানে পরীক্ষা চলছে।
আইনজীবী মহসিন কবির স্বপন সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ও ছবি পোস্ট করে দাবি করেন, শিল্পীর বিরুদ্ধে লোহার রড দিয়ে আঘাত করার যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন। ভিডিওতে দেখা যাচ্ছে উল্টো শিল্পী নিজেই হামলার শিকার হচ্ছেন।
আসামিপক্ষের আরেক আইনজীবী রাকিবুল হাসান তামিম বলেন, ‘এজাহারে উল্লেখ করা হয়েছে শিল্পী রড দিয়ে বাদীর মাথায় আঘাত করায় মগজ বের হয়ে গেছে। কিন্তু আদালতের তলবকৃত মেডিকেল সার্টিফিকেটে (এমসি) চিকিৎসকরা একে ‘সাধারণ জখম’ হিসেবে উল্লেখ করেছেন। ঘটনাটি জামিনযোগ্য হওয়া সত্ত্বেও আদালত শিল্পীকে কারাগারে পাঠিয়েছেন।’
লক্ষ্মীপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নূর মোহাম্মদ সোহেল জানিয়েছেন, বিকেলে ওই নারীকে কারাগারে আনা হয়েছে। তার সঙ্গে ছোট শিশু সিয়ামও রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল মারামারির ঘটনায় পৌরসভার সাহাপুর এলাকার মাহাতাব উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে প্রতিবেশী শিল্পীসহ ১০ জনের বিরুদ্ধে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা করেন। মামলায় শিল্পীর বিরুদ্ধে রড দিয়ে গুরুতর জখম করার অভিযোগ আনা হলেও হাসপাতালের মেডিকেল সার্টিফিকেটে তা সাধারণ আঘাত হিসেবে প্রতীয়মান হয়েছে।
প্রতিনিধি/একেবি