images

সারাদেশ

মডেল মসজিদে টিকটক, স্কুলছাত্রীকে বহিষ্কার

জেলা প্রতিনিধি

১১ মে ২০২৬, ০৯:৪৯ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জে স্কুল ড্রেস পরে মডেল মসজিদে টিকটক ভিডিও তৈরির ঘটনায় এক ছাত্রীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি) দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

রোববার (১১ মে) দুপুরে দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মশিহুর রহমান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে ওই ছাত্রীকে ছাড়পত্র দেওয়া হয়।

ছাড়পত্র পাওয়া মোছা. সিনথিয়া আক্তার শান্তা ওই বিদ্যালয়ের নবম শ্রেণির (ভোকেশনাল শাখা) জেনারেল ইলেকট্রনিক্স ট্রেডের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, গত ৯ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, শান্তা স্কুল ড্রেস পরে মডেল মসজিদ প্রাঙ্গণে টিকটক ভিডিও তৈরি করছেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই বিষয়টিকে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানের পবিত্রতা ও ভাবমূর্তির পরিপন্থী বলে মন্তব্য করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া ছাড়পত্রে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই শিক্ষার্থীর টিকটক ভিডিও ছড়িয়ে পড়ায় ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এটি বিদ্যালয়ের শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী। প্রতিষ্ঠানের ঐতিহ্য রক্ষা এবং ভবিষ্যতে অন্য শিক্ষার্থীরা যেন এমন কর্মকাণ্ডে লিপ্ত না হয়, সেই লক্ষ্যে তাকে ছাড়পত্র প্রদান করা হয়েছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মশিহুর রহমান বলেন, ‘বিদ্যালয়ের শৃঙ্খলা ও সুনাম রক্ষার্থে কর্তৃপক্ষ এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আমরা চাই শিক্ষার্থীরা নৈতিকতা ও শৃঙ্খলার মধ্য দিয়ে বেড়ে উঠুক।’

প্রতিনিধি/একেবি