জেলা প্রতিনিধি
১১ মে ২০২৬, ০৮:৫৪ পিএম
পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিতর্কিত সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (সিএ) মো. ইয়াসির আরাফাতকে বদলি করা হয়েছে।
সোমবার (১১ মে) পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই বদলি করা হয়।
আদেশে নাজিরপুর উপজেলা পরিষদের সিএ মো. ইয়াসির আরাফাতকে জিয়ানগর (ইন্দুরকানী) উপজেলায় এবং জিয়ানগরে কর্মরত একই পদের শাহারিয়াকে নাজিরপুরে স্থলাভিষিক্ত করা হয়েছে।
সিএ ইয়াসির আরাফাতের বিরুদ্ধে সরকারি কাজে অনিয়ম, ফাইল গায়েব এবং ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ রয়েছে। নাজিরপুর হাসপাতালের রোগীর খাদ্য বরাদ্দে নয়ছয় এবং বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের কাজ শেষ না করেই প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে বিল উত্তোলনের অভিযোগে তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
এছাড়া তার বেনামে ঠিকাদারি করার তথ্য নিয়ে ‘কালের কণ্ঠ’ ও ‘ঢাকা মেইল’সহ বেশ কিছু জাতীয় ও অনলাইন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
প্রতিনিধি/একেবি