জেলা প্রতিনিধি
১১ মে ২০২৬, ০৮:৪৫ পিএম
বরগুনার পাথরঘাটায় লোকালয় থেকে একটি মায়াবী হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।
সোমবার (১১ মে) সকাল ৬টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাব্বারিয়া গ্রাম থেকে হরিণটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফসলের মাঠে কাজ করার সময় আসাদুল নামে এক ব্যক্তি হরিণটিকে দেখতে পান। এ সময় কয়েকটি কুকুর হরিণটিকে তাড়া করলে সেটি দৌড়ে গিয়ে একটি জালে আটকে পড়ে। পরে স্থানীয়রা হরিণটিকে জাল থেকে মুক্ত করলে সেটি মোস্তফা ফরাজি নামের এক বাসিন্দার বাড়ির পুকুরপাড়ে আশ্রয় নেয়।
মোস্তফা ফরাজি বলেন, ‘কুকুরের তাড়া খেয়ে হরিণটি আমার বাড়ির পুকুরপাড়ে এসে পড়ে। আমি তাৎক্ষণিক বন বিভাগ ও স্থানীয়দের খবর দেই। পরে বন বিভাগের সদস্যরা এসে হরিণটি উদ্ধার করে নিয়ে যান।’
জ্ঞানপাড়া বিট কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, স্থানীয়দের সহযোগিতায় হরিণটি উদ্ধার করা হয়েছে। প্রাণিটি কিছুটা অসুস্থ থাকায় প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে এটিকে সুন্দরবনে অবমুক্ত করা হবে।
তিনি আরও জানান, হরিণটি বন থেকে লোকালয়ে চলে এসেছে নাকি কোনো চোরাকারবারির মাধ্যমে এলাকায় আনা হয়েছিল, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিনিধি/একেবি