images

সারাদেশ

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন এসপি ইমন

জেলা প্রতিনিধি

১১ মে ২০২৬, ০৮:১১ পিএম

রাজধানীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতার পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমন জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার (১১ মে) বিকেল ৫টা ৪০ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদালতের জামিন আদেশ কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই শেষে বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়।

এর আগে, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত তানভীর সালেহীন ইমনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। ওই সময় মামলার তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলেও মূল নথি উপস্থিত না থাকায় বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং ১৯ ফেব্রুয়ারি রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ডিবি পুলিশ রাজশাহীর সারদা পুলিশ একাডেমি থেকে তাকে আটক করেছিল।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে রাজধানীর নিউমার্কেট ১ নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় নিহতের আত্মীয় আব্দুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তের ধারাবাহিকতায় এসপি ইমনকে গ্রেফতার করা হয়েছিল।

প্রতিনিধি/একেবি