images

সারাদেশ

ফেনীতে মুক্তিপণ দাবির ২ দিন পর ডোবায় মিলল নিখোঁজ শিশুর মরদেহ

জেলা প্রতিনিধি

১১ মে ২০২৬, ০৪:৪৫ পিএম

ফেনীতে নিখোঁজ ও মুক্তিপণ দাবির দুই দিন পর ডোবায় মিলেছে শিশুর লাশ।

সোমবার (১১ মে) সকালে দাগনভূঞা পৌরসভার আমানউল্ল্যাহপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

নিথর ওই শিশুর নাম হাসান। সে লক্ষ্মীপুর জেলার কমলনগরের বাসিন্দা মো. তারেক ও তারজিনা আক্তার নিপু দম্পতির ছেলে।

শিশুটির বাবা মো. তারেক জানান, গত শনিবার সকালে বাসার সামনে থেকে হাসান নিখোঁজের পর সন্ধ্যার দিকে ০১৯২৭০৩৫৬০৩ নম্বর থেকে কল করে প্রথমে ১২ হাজার টাকা এবং পরে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় হত্যার হুমকিও দেয়। এ নিয়ে পরদিন রোববার দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ করা হয়।

দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম জানান, সোমবার সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। মুক্তিপণ দাবির বিষয়টি কোনো প্রতারকচক্রের কাজ। তদন্ত করে হুমকি দেওয়া মোবাইল নম্বরটি নওগাঁর বলে জানা গেছে।

প্রতিনিধি/এসএস