images

সারাদেশ

গাজীপুরে কারখানায় হঠাৎ অসুস্থ অন্তত ২০ শ্রমিক

জেলা প্রতিনিধি

১১ মে ২০২৬, ০৩:৪৪ পিএম

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে অন্তত ২০ জন শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১১ মে) সকালে ভোগড়া চৌধুরী বাড়ি এলাকার প্যান এশিয়া ক্লোথিং লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ এক দিনের ছুটি ঘোষণা করেছে।

শিল্প পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, প্যান এশিয়া ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা সোমবার সকালে কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পর হঠাৎ কয়েকজন অসুস্থ বোধ করেন। তাদের দেখে পর্যায়ক্রমে আরও বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে দ্রুত স্থানীয় তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

প্রাথমিক চিকিৎসা শেষে অধিকাংশ শ্রমিক বাড়িতে ফিরে গেলেও কয়েকজন এখনো হাসপাতালে ভর্তি আছেন। তবে চিকিৎসকদের মতে, তারা সবাই বর্তমানে আশঙ্কামুক্ত।

কারখানার সিনিয়র এক্সিকিউটিভ হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, সকালে কাজ চলাকালীন বেশ কিছু শ্রমিক হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রমিকরা ‘গণ মনোদৈহিক রোগে’ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা দেওয়ার পর তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ভয়ের কোনো কারণ নেই।’’

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, চিকিৎসকরা বিষয়টিকে ‘ম্যাস সাইকোজেনিক ডিজিজ’ হিসেবে অভিহিত করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অসুস্থদের অনেকেই চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।

প্রতিনিধি/একেবি