images

সারাদেশ

দেশের ১৬ মেগা প্রকল্পের টাকা শেষ, কাজ হয়নি: সেতুমন্ত্রী

জেলা প্রতিনিধি

১১ মে ২০২৬, ০৩:২৬ পিএম

দেশের ১৬টি মেগা প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হলেও অনেক প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, কোথাও ঠিকাদার কাজ ফেলে পালিয়ে গেছে, আবার কোথাও প্রকল্প বাস্তবায়ন থমকে আছে।

সোমবার (১১ মে) দুপুরে পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি ও পদ্মা সেতু জাদুঘরের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ১৬টি মেগা প্রকল্পে টাকা ব্যয় হয়ে গেছে, কিন্তু অনেক কাজ শেষ হয়নি। কোথাও ঠিকাদার পালিয়ে গেছে, কোথাও প্রকল্প বন্ধ হয়ে আছে। ফলে নতুন করে কাজ শুরু করতেও নানা জটিলতা তৈরি হয়েছে।

sariatpur

তিনি আরও বলেন, মেগা প্রকল্পের নামে লুটপাট হয়েছে। বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে এবং বিশাল অঙ্কের বৈদেশিক ঋণের বোঝা রেখে যাওয়া হয়েছে। সেই চাপ নিয়েই বর্তমান সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে।

বিদেশি দাতা সংস্থাগুলোর প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, দীর্ঘদিনের দুর্নীতি ও অনিয়মের কারণে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের মধ্যেও আস্থার সংকট তৈরি হয়েছে। আগে যারা বড় বড় প্রকল্পে সহায়তা দিত, তারা এখন অনীহা প্রকাশ করছে।

6e962545-a2dd-4348-bf63-407f82bce82d

অনুষ্ঠানে সেতু বিভাগের নির্বাহী পরিচালক ও সচিব মোহাম্মদ আবদুর রউফের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, স্থানীয় সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা পরিষদের প্রশাসক একেএম নাসিরউদ্দিন সরদার, জেলা প্রশাসক তাহসিনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস