জেলা প্রতিনিধি
১১ মে ২০২৬, ১১:৪৫ এএম
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এবং বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। জাতীয় সংসদের স্পীকার কর্তৃক তিনি মনোনীত হন।
রোববার (১০ মে) রাতে বিষয়টি জানানো হয়।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬ এর ২০(১) (খ) ধারা মোতাবেক তাকে এ সিন্ডিকেট সদস্য করা হয়েছে।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত করায় তিনি স্পিকারকে ধন্যবাদ জানান। সেইসঙ্গে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সর্বদা কাজ করবেন বলে জানান তিনি।
এদিকে, এমপি শফিকুল হক মিলন সিন্ডিকেট সদস্য মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রামেবির নার্সিং অনুষদের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স। সোমবার (১১ মে) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মো. আমানুল্লাহ আমান বলেন, রামেবি উত্তর জনপদে আশার প্রদীপ। শিক্ষা, চিকিৎসা ও গবেষণায় এশিয়া মহাদেশের অন্যতম হাব হতে যাচ্ছে এ প্রতিষ্ঠান। বিপুল ভোটে নির্বাচিত জনপ্রিয় সংসদ সদস্যকে সিন্ডিকেট মেম্বার করা সরকারের দূরদর্শী ও সময়োপযোগী সিদ্ধান্ত। এমপি শফিকুল হক মিলনের সার্বিক ভূমিকায় এ অঞ্চলের কোটি মানুষ উপকৃত হবে বলেও আশা প্রকাশ করেছেন আমানুল্লাহ আমান।
প্রতিনিধি/এসএস