images

সারাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি

১১ মে ২০২৬, ০৭:৩৪ এএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নে দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে মাইনুল ইসলাম মাহিন (২৫) নামে এক জামায়াত কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ১১টার সময় আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ি সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মাহিন আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ির আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ১১টায় নিজ বাড়ির সামনের রাস্তায় বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন মাহিন। হঠাৎ একটি সিএনজিচালিত অটোরিকশায় কাপড়ে মুখ বাঁধা অবস্থায় ৪/৫ জন সেখানে আসে। এরপর টর্চ লাইটের আলো জ্বালিয়ে হঠাৎ একটি গুলি করে। গুলিটি মাহিনের পাঁয়ে লাগলে তিনি পড়ে যান। এরপর একই স্থানে আবারও গুলি করে তারা দ্রুত অটোরিকশাযোগে ঘটনাস্থল থেকে অন্যত্র চলে যায়। পরে, স্থানীয়রা মাহিনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর দেখে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী শাইখুল আরেফিন শিহাব বলেন, আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ কয়েকজন অটোরিকশায় এসে গুলি করে আবার চলে যায়। তাদের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল।

বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহিম বলেন, অজ্ঞাত কয়েকজন অটোরিকশায় এসে মাহিন নামে আমাদের এক কর্মীকে গুলি করে পালিয়ে যায়। এটা রাজনৈতিক প্রতিহিংসা হতে পারে বলে আমরা ধারণা করছি। গুলিবিদ্ধ মাহিনকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসকরা ঢাকায় রেফার করেছেন।

২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. হাসান আল মুলক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসার পর রোগীর অবস্থা গুরুতর হওয়ায় আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেছি।

বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, আমানউল্লাহপুরে একজন গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা গুলি করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিনিধি/টিবি