images

সারাদেশ

নড়াইলে নদীতে গোসলে নেমে প্রতিবন্ধী কিশোরী নিখোঁজ

জেলা প্রতিনিধি

১০ মে ২০২৬, ১১:৫১ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলায় নানির সাথে মধুমতী নদীতে গোসল করতে নেমে সীমা খানম (১৪) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়েছে।

রোববার (১০ মে) বেলা ৩টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের নতুনপাড়া এলাকায় মধুমতী নদীতে এ ঘটনা ঘটে। কোটাকোল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) শেখ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী সীমা খানম পার্শ্ববর্তী ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে ঘাঘা গ্রামের নতুনপাড়ায় তার নানির বাড়িতে থাকত।

স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের নতুনপাড়া এলাকায় রবিবার বেলা ৩টার দিকে সীমা তার নানির সঙ্গে বাড়ির পাশে মধুমতী নদীতে গোসল করতে যায়। নদীতে নেমে গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সীমা। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও সীমার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০টা) ওই কিশোরীর কোনো সন্ধান মেলেনি।

এ বিষয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগউজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ঘটনা অবহিত করা হয়েছে। সোমবার (১১ মে) সকালে খুলনা থেকে আগত ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করবে।