images

সারাদেশ

গ্রেফতার এড়াতে ‘প্রেসক্লাব’ গঠন করা সেই শ্রমিক লীগ নেতা কারাগারে

জেলা প্রতিনিধি

১০ মে ২০২৬, ১০:২১ পিএম

গ্রেফতার এড়াতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতাকে নিয়ে ফরিদপুরের সালথা উপজেলা প্রেসক্লাব গঠন করা সেই শ্রমিক লীগ নেতা চৌধুরী মাহমুদ আশরাফ টুটুকে চাঁদাবাজি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। টুটুর বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। 

তিনি সালথা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (১০ মে) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুরের সালথা আমলি আদালতে হাজির হলে বিচারক কৃষ্ণা বালা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী জসীমউদ্দীন মৃধা।

আইনজীবী জসীমউদ্দীন মৃধা বলেন, ‘ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির চেষ্টার একটি মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

এর আগে টুটু চৌধুরীকে ঘিরে নানা বিতর্কিত কর্মকাণ্ড সামনে আসে। স্থানীয় সাংবাদিকদের দাবি, গত ফেব্রুয়ারিতে একটি হোটেলে কয়েকজনকে নিয়ে ‘সালথা উপজেলা প্রেসক্লাব’ নামে একটি নতুন সংগঠনের কমিটি ঘোষণা করেন তিনি। ওই কমিটিতে টুটু চৌধুরী নিজে সভাপতি এবং উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়।

অভিযোগ রয়েছে যে ১৮ সদস্যের ওই কমিটির অধিকাংশ সদস্যের সাথেই সাংবাদিকতার কোনো সম্পৃক্ততা নেই; কমিটির সদস্যরা যুবলীগ, ছাত্রদল ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত; এমনকি ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) তৈরি করে অনেককে সদস্য বানানোর অভিযোগও উঠেছে।

স্থানীয় সাংবাদিকদের ভাষ্যমতে, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে টুটু চৌধুরী সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন সরকারি দপ্তরে দালালি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার করতেন। এছাড়া মাটি-বালু ব্যবসা নিয়ন্ত্রণ, টেন্ডার বাণিজ্য ও থানাকেন্দ্রিক দালালির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সম্প্রতি ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর সম্পদ নিয়ে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে টুটু চৌধুরীর বিরুদ্ধে।

প্রতিনিধি/একেবি