জেলা প্রতিনিধি
১০ মে ২০২৬, ০৭:২০ পিএম
নাটোরের লালপুরে গ্রিন ভ্যালি পার্কে রুপপুর পারমাণবিক প্রকল্পের ২ বিদেশি পর্যটককে হেনস্তা করার অভিযোগে তথাকথিত দুই টিকটকারকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১০মে) দুপুরে লালপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।
গ্রেফতার ব্যক্তিরা হলেন রাজশাহী মোহনপুর উপজেলার ফরিদা গাছি গ্রামের তমির উদ্দিন ছেলে আমিনুল ইসলাম (৩০) ও তানোর উপজেলার আড়াদিঘী গ্রামের আয়েন উদ্দিনের ছেলে রাসেল ইসলাম (২৫)।
মো. শফিকুল ইসলাম জানান, গত শুক্রবার লালপুর গ্রিন ভ্যালি পার্কে টিকটক বন্ধু মেলা-২০২৬ ব্যানারে এক অনুষ্ঠানের আয়োজন করেন টিকটকাররা। এ আয়োজন বিভিন্ন এলাকার টিকটকাররা অংশগ্রহণ করেন। ওইদিন বিকেলে রুপপুর পারমাণবিক প্রকল্পের ২ বিদেশি পর্যটক ঘুরতে আসেন পার্কে। এসময় ১০-১৫ টিকটকাররা দুই বিদেশি পর্যটকের পথরোধ করে অশ্লীল ইংরেজি ভাষা ব্যবহার করলে তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। এ ভিডিও টিকটকাররা তাদের ফেসবুকে পোস্ট করলে দ্রুত ছড়িয়ে পড়লে দ্রুত সমালোচনার ঝড় উঠে। এ ঘটনায় পার্কের ম্যানেজার বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেন।
ওসি আরও জানান, বিদেশি পর্যটকদের হয়রানি ও অশ্লীল ভাষা ব্যবহারের অভিযোগে পার্ক কর্তৃপক্ষ একটি এজাহার দায়ের করেন। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে দুইজন টিকটকারকে গ্রেফতার করে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, কথাকথিত কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর দুই বিদেশি পর্যটককে ঘিরে অশোভন আচরণ করেন। ওই তথাকথিত কনটেন্ট ক্রিয়েটরকে বলতে শোনা যায় 'তুমি পর্ণ স্টার, তুমি মিয়া খলিফার স্বামী না' এমন মন্তব্যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বিদেশি নাগরিকরা। যা ফেসবুকে ছড়িয়ে পড়লে ওঠে সমালোচনার ঝড়।
প্রতিনিধি/এসএস