জেলা প্রতিনিধি
১০ মে ২০২৬, ০৭:০৭ পিএম
রাজশাহীর বিখ্যাত আম কবে থেকে গাছ থেকে নামানো যাবে, তার সময়সূচি বা ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করেছে জেলা প্রশাসন। বাজারে যাতে কোনোভাবেই অপরিপক্ব আম না আসতে পারে, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (১০ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম সংগ্রহ, পরিবহন ও বাজারজাতকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এই ক্যালেন্ডার প্রকাশ করা হয়।
ম্যাঙ্গো ক্যালেন্ডার ২০২৬: আম নামানোর সময়সূচি
| আমের জাত | সংগ্রহের তারিখ |
| সকল প্রকার গুটি আম | ১৫ মে |
| গোপালভোগ | ২২ মে |
| লক্ষ্মণভোগ ও রাণীপছন্দ | ২৫ মে |
| হিমসাগর (ক্ষীরশাপাত) | ৩০ মে |
| ল্যাংড়া ও ব্যানানা ম্যাঙ্গো | ১০ জুন |
| আম্রপালি ও ফজলি | ১৫ জুন |
| বারি আম-৪ | ৫ জুলাই |
| আশ্বিনা | ১০ জুলাই |
| গৌড়মতি | ১৫ জুলাই |
| কাটিমন ও বারি আম-১১ | সারা বছর |
মতবিনিময় সভায় রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানান, আমচাষি, ব্যবসায়ী ও কৃষি বিভাগের সমন্বয়ে এই ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ‘নির্ধারিত সময়ের আগে কেউ গাছ থেকে আম নামালে বা বাজারে বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সভায় রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতর ও ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তা, আম ব্যবসায়ী, চাষি এবং কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/একেবি