জেলা প্রতিনিধি
১০ মে ২০২৬, ০১:১৫ পিএম
মেহেরপুরের গাংনী উপজেলায় করমদি গ্রাম থেকে ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করে পালিয়ে যাওয়ার সময় উজ্জ্বল হোসেন নামের এক চোর চক্রের সদস্যকে আটক করেছে বামুন্দি ক্যাম্প পুলিশ। এ সময় চোরাই মালামাল ও চুরির কাজে ব্যবহৃত একটি অবৈধ যান ‘আলগামন’ জব্দ করা হয়েছে।
রোববার (১০ মে) সকালে বামন্দী বাজার এলাকায় পুলিশের চলমান চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক উজ্জ্বল হোসেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের কালু মালিথার ছেলে।
আটক উজ্জ্বল মালিথা জানায়, শনিবার (৯ মে) সন্ধ্যার পর দৌলতপুর থেকে আরও চার সহযোগীকে নিয়ে আলগামনে করে গাংনীর বামন্দী বাজার এলাকায় আসে চক্রটি। পরে করমদী গ্রামের সড়কে চারজনকে নামিয়ে দিয়ে উজ্জ্বল কাতলামারি এলাকায় অবস্থান করেন। রোববার ভোরে ফোন পেয়ে তিনি আবার একই স্থান থেকে দলের সদস্য ও চুরি করা মালামাল নিয়ে ফিরছিলেন। বামন্দী পশুহাট সড়কে পুলিশের চেকপোস্ট দেখে তার সঙ্গে থাকা চারজন পালিয়ে গেলেও উজ্জ্বল পুলিশের হাতে আটক হন।
গাংনীর বামন্দী পুলিশ ক্যাম্পের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলাম জানান, সকালে চলমান চেকপোস্টে যাত্রীবাহী একটি আলগামনকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা চারজন লাফিয়ে পালিয়ে যায়। এ সময় উজ্জ্বল হোসেনকে আটক করা হয়। পরে গাড়ি তল্লাশি করে ট্রান্সফরমার চুরির বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে। পাশাপাশি পলাতক অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
প্রতিনিধি/টিবি