images

সারাদেশ

চাঁদা দাবির অভিযোগে সাবেক ছাত্রদল নেতা কারাগারে

জেলা প্রতিনিধি

১০ মে ২০২৬, ১০:০৮ এএম

রংপুরের বদরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারীর করা চাঁদাবাজির অভিযোগে করা মামলায় পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি জিহাদ সরকার রানাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৯ মে) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে বদরগঞ্জ থানা-পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার।

মামলা সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে সাবেক ছাত্রদল নেতা জিহাদ সরকার রানাসহ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত কর্মচারী মোছা. ফাতেমা বেগমের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা না দিলে হাসপাতালে চাকরি করতে দেওয়া হবে না বলে তাকে দেখে নেওয়ার হুমকি প্রদান করে তারা। চাঁদার টাকা নিতে শনিবার সকালের দিকে হাসপাতাল কোয়ার্টারে থাকা অবস্থায় আসামিরা তার বাসার সামনে গিয়ে গালিগালাজ করেন। একপর্যায়ে চাঁদার টাকা নিয়ে দ্রুত বাইরে আসতে বলেন। ফাতেমা বেগম চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে ধাক্কাধাক্কি করা হয়। এ সময় নানি ফাতেমা বেগমকে রক্ষা করতে গেলে তার নাতি সামিউল ইসলাম স্বপনকে মারধর করা হয়। পরে তার মেয়ে মমতা খাতুন এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে চাঁদা দাবির অভিযোগ তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত কর্মচারী মোছা. ফাতেমা বেগম বাদী হয়ে মামলাটি করেন। ওই মামলায় সাবেক ছাত্রদল নেতা জিহাদ সরকার রানাসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। অন্য আসামিরা হলেন— ডিস ফারুক, রাফি মিয়া ও জাহিদ হোসেন। এ ছাড়াও অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।

এদিকে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশিকুল আরেফিন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মচারী ফাতেমা বেগম গত তিন মাস ধরে কোনো বেতন পাচ্ছিলেন না। তিনি হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনে বসবাস করছিলেন। এ অবস্থায় তার বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে ডিস ফারুক, জিহাদ সরকার রানাসহ কয়েকজন ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে এ ঘটনায় ফাতেমা বেগম থানায় একটি অভিযোগ দেন।

তিনি আরও অভিযোগ করে বলেন, শনিবার দুপুরে জিহাদ সরকার রানা ও ডিস ফারুকসহ তিন ব্যক্তি তার কার্যালয়ে গিয়ে থানায় করা ওই অভিযোগ তুলে নিতে তাকে চাপ দেন। তিনি সেখান থেকে বের হয়ে যেতে চাইলে তাকেও অবরুদ্ধ করে রাখা হয়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিহাদ সরকার রানাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। অন্যদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা সেখান থেকে পালিয়ে যায়।

 

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, চাঁদাবাজির মামলায় জিহাদ সরকার রানা নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে এই মামলাসহ থানায় মোট ছয়টি মামলা আছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/টিবি