জেলা প্রতিনিধি
১০ মে ২০২৬, ১২:০১ এএম
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির বলেছেন, আগামী ৫ বছরের মধ্যে দেশে ২ কোটি মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করবে সরকার।
শনিবার (৯ মে) সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুরে বিসিক শিল্প নগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের বুনিয়াদ, ক্ষুদ্র, কুটির শিল্প এ খাতের উন্নয়ন বৈষম্য কমাবে। এর জন্য সরকার বিনিয়োগের ব্যবস্থা করবে।
তিনি বলেন, কৃষি জমি রক্ষা করেই শিল্পের প্রসার করতে হবে। এই এলাকায় কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের যে বিপুল সম্ভাবনা রয়েছে, তার পরিপূর্ণ সদ্ব্যবহার আমরা করতে চাই। এজন্য যে ধরনের সুযোগ সুবিধা দরকার এই সরকার ব্যবস্থা করবে।
তিনি আরও বলেন, উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। রাষ্ট্রায়ত্ত বন্ধ কলকারখানা চালু করা হবে। সরকারের প্রথম কাজ হলো বেকার সমস্যা সমাধান করা। এ লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে।
সৈয়দপুর বিসিক শিল্পনগরী পরিদর্শনের সময় নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন, বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মো. নুরেল হকসহ অন্যান্য কর্মকর্তা ও বিসিক শিল্প মালিকেরা উপস্থিত ছিলেন।