images

সারাদেশ

কসবায় বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশির মরদেহ হস্তান্তর

জেলা প্রতিনিধি

০৯ মে ২০২৬, ০৯:২৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

আজ শনিবার (৯ মে) বিকালে পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে নিহত মুরসালিন ও নবীর হোসেনের মরদেহ ফেরত দেয় বিএসএফ। 

মুরসালিন (২০) কসবা উপজেলার সীমান্তবর্তী ধ্বজনগর গ্রামের হেবজু মিয়ার ছেলে ও নবীর হোসেন কসবার মধুপুর গ্রামের মৃত মকরম আলীর ছেলে । 

বিজিবি জানায়, শুক্রবার (৮মে) রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার প্রায় ১৫জন বাংলাদেশি চোরাকারবারি ভারত থেকে অবৈধ পণ্য নিয়ে ফেরার সময় বিএসএফের-৪৯ ব্যাটালিয়নের জওয়ানদের হাতে আটক হয়। এ সময় বিএসএফ সদস্যদের সঙ্গে বাংলাদেশি চোরাকারবারিদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। ধস্তাধস্তির একপর্যায়ে বিএসএফ সদস্যরা তাদের ওপর গুলি ছুঁড়ে। এ সময় মুরসালিন ও নবীর হোসেন গুরুতর আহত হয়। পরে বিএসএফ আহত দুইজনকে উদ্ধার করে ত্রিপুরা রাজ্যের আগরতলার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

সুলতানপুর ৬০-ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফ বিএসএফ’র গুলিতে নিহত ২ বাংলাদেশির মৃতদেহ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে এবং ভারতীয় পুলিশের উপস্থিতিতে মরদেহ দুটি আমাদের কাছে হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের স্বজনদের কাছে মরদেহ দুটি বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/ এজে