images

সারাদেশ

আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনলো বিজিবি

জেলা প্রতিনিধি

০৯ মে ২০২৬, ০৮:১৫ পিএম

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ১৪ জন জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৯ মে) বিকেলে তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভুঁইয়া।

ফেরত আনা জেলেদের মধ্যে ১৩ জন বাংলাদেশি ও একজন রোহিঙ্গা রয়েছেন। তারা বিভিন্ন সময়ে কক্সবাজারের টেকনাফ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

বিজিবি সূত্র জানায়, আটক জেলেদের পরবর্তীতে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি নিয়ন্ত্রিত বিভিন্ন ক্যাম্পে রাখা হয়। কেউ কেউ দীর্ঘ সময় ধরে সেখানে আটক অবস্থায় ছিলেন।

উদ্ভূত পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনায় নিয়ে বিজিবি কক্সবাজার রিজিয়নের উদ্যোগে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়। দীর্ঘ সমন্বয় ও প্রচেষ্টার মাধ্যমে আটক জেলেদের ধাপে ধাপে ফেরত আনার বিষয়ে অগ্রগতি অর্জিত হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভুঁইয়া জানান, শনিবার বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যরেখায় আরাকান আর্মির কাছ থেকে ১৪ জন জেলেকে বুঝে নেয়। পরে তাদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, ফেরত আনা জেলেদের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এজে