images

সারাদেশ

প্রথম স্বামীর প্রতি ঘৃণায় সন্তান প্রসবের পর হত্যা করে পুকুরে ফেলেন মা

জেলা প্রতিনিধি

০৯ মে ২০২৬, ০৫:৪৩ পিএম

বগুড়ায় পুকুর থেকে নবজাতকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় শিশুটির বাবা-মাকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া গ্রামের দুলাল হোসেন (২৬) ও তার স্ত্রী নিপা বেগম (২০)।

প্রথম স্বামীর সন্তান পেটে থাকায় প্রসবের পরপরই ব্লেড দিয়ে গলা কেটে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিপা বেগম পুলিশকে জানায়।

শনিবার (৯ মে) দুপুরে বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গ্রামের একটি পুকুরের কচুরিপানার ভেতর থেকে পুলিশ গলাকাটা এক নবজাতকের মরদেহ উদ্ধার করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

ট্রলারডুবিতে নিখোঁজ ছৈয়দ আহাম্মদ ৫৪ বছর পর ফিরলেন বাড়িতে

পুলিশ জানায়, নিপা বেগম তার প্রথম স্বামীকে তালাক করে গত রমজান মাসে তেলীহারা গ্রামের দুলাল হোসেনকে বিয়ে করে। দ্বিতীয় বিয়ে করার সময় তার পেটে সন্তান ছিল এটা দুলাল হোসেন জানতেন। গত শুক্রবার বিকেলে নিপা তার বাড়িতেই সন্তান প্রসব করেন। এরপর পরই ব্লেড দিয়ে নবজাতকের গলা কেটে হত্যা করে বাড়ির পার্শ্বে পুকুরের কচুরিপানায় ফেলে দেয়।

সদর থানার ওসি জানান, শনিবার স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে নবজাতকের লাশ উদ্ধার করা হয়। এসময় পুকুরের পাশের বাড়ির নারী নিপা বেগমকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি এক পর্যায় স্বীকার করেন। পরে তার স্বামীকেও আটক করা হয়।

ওসি বলেন, নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/এসএস