images

সারাদেশ

দশমিনায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু 

জেলা প্রতিনিধি

০৯ মে ২০২৬, ০৩:৪৬ পিএম

পটুয়াখালীর দশমিনায় সড়ক দুর্ঘটনায় এক ধান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) সকাল ৯টার দিকে গলাচিপা-দশমিনা সড়কের দশমিনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আরোজবেগী বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিহত হাফেজ মো. দেলোয়ার মুন্সি রনগোপালদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব আউলিয়াপুর গ্রামের মৃত সৈয়দ আলী মুন্সির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাফেজ দেলোয়ার মুন্সি দীর্ঘদিন ধরে বাউফল উপজেলার কালাইয়া বাজারে ধানের ব্যবসা করতেন। শনিবার সকালে নিজস্ব ট্রলিতে করে আউলিয়াপুর থেকে কালাইয়ার উদ্দেশ্যে ধান নিয়ে যাওয়ার সময় আরোজবেগী বাজার মোড়ে ট্রলির ব্রেক ফেল করে সেটি উল্টে সড়কের পাশের গাছের ওপর পড়ে যায়। এ সময় ট্রলিচালকের বাম পাশে বসা দেলোয়ার মুন্সি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় ট্রলির চালক আহত হন।

প্রত্যক্ষদর্শী আরোজবেগী বাজারের মৎস্য ব্যবসায়ী জাকির হোসেন হাওলাদার জানান, সকালে ধানবোঝাই একটি ট্রলির ব্রেক ফেল করে বাজার মোড়ে উল্টে যায়। এতে ধান ব্যবসায়ী হাফেজ মো. দেলোয়ার মুন্সি ঘটনাস্থলেই মারা যান। পরে তার স্বজনরা খবর পেয়ে মরদেহ বাড়িতে নিয়ে যান।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনার বিষয়ে জেনে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এজে