জেলা প্রতিনিধি
০৯ মে ২০২৬, ০৩:১৭ পিএম
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে পুশব্যাক করা ১০ বাংলাদেশিকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
শনিবার (৯ মে) দুপুরে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার (৮ মে) বিকেলে কুলাউড়া থানায় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
হস্তান্তরকৃতদের মধ্যে রয়েছেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের রাহুল তালুকদার (৩০), খালিয়াজুড়ী উপজেলার যোগীমারা গ্রামের যুবরাজ সরকার (৪০), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাঙাধর গ্রামের হাবুল দাস (৫০), তার স্ত্রী সুমিত্রা দাস (৪৫), মেয়ে অনামিকা দাস (১৮), ভূমি দাস (৭) ও ছেলে হেমন্ত দাস (১৭), হামতপুর গ্রামের গোপাল দাস (২৮) এবং সদর উপজেলার বক্তারগাঁও গ্রামের মো. আল আমিন (৩৭) ও তাঁর স্ত্রী ফাতেমা বেগম (২০)।
এসআই ফরহাদ মাতব্বর জানান, শুক্রবার সকালে মুরইছড়া সীমান্ত সংলগ্ন চা-বাগান এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের একটি টহল দল। বিজিবি তাদের আটক করে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, বিভিন্ন সময়ে তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।
সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে এবং পরে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি তাদের কুলাউড়া থানায় হস্তান্তর করে। খবর পেয়ে রাতে স্বজনরা থানায় পৌঁছালে যথাযথ যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
প্রতিনিধি/একেবি