জেলা প্রতিনিধি
০৯ মে ২০২৬, ০১:৩১ পিএম
ফরিদপুরে ফাতেমাতুজ জহুরা ওরফে জুহি নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী ও তার মা ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ- উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। ওই শিক্ষার্থী বাবা জামাল উদ্দিন ওরফে কানু ফেসবুক পোস্টে তাদের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।
গত শুক্রবার (৮ মে) রাতে করা ওই পোস্টে তিনি উল্লেখ করেন, ৩০ এপ্রিল বিকেলে মায়ের সঙ্গে ঘুরতে বের হওয়ার পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ জুহি ফরিদপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। কানু পরিবার নিয়ে ফরিদপুর শহরের লাক্সারি হাসান টাওয়ারের দ্বিতীয় তলায় বাস করেন।
নিখোঁজ শিশুর বাবা কানু শনিবার (৯ মে) সাড়ে ১২টার দিকে বলেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। জুহির মা মানসিকভাবে অসুস্থ, তার নাম এলিজা শারমিন (৪৮)। এর আগে প্রায় ১৬/১৭ বার তিনি এভাবে নিখোঁজ হয়ে আবার ফিরে এসেছেন। এজন্যই প্রথমেই প্রশাসনের সহযোগিতা না চেয়ে পরিচিত জায়গাগুলো খোঁজ করার চেষ্টা করেছি। আজ ১০ দিনেও তাদের সন্ধান মেলেনি। তাই আজ থানায় জিডি করার সিদ্ধান্ত নিয়েছি।
এছাড়া কেউ জুহি ও তার মায়ের সন্ধান পেলে ০১৬১১-৮৩০১৪৩ নম্বরে যোগাযোগ করতে সবার প্রতি অনুরোধ করেছেন। একই সঙ্গে তাদের সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে। তিনি গণমাধ্যমকর্মী, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার কাছে সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, মা ও মেয়ে নিখোঁজ হয়েছেন এ ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তাদের খুঁজে পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস