images

সারাদেশ

গণভোটের রায় না মানা জনগণের সঙ্গে প্রতারণা: গোলাম পরওয়ার

জেলা প্রতিনিধি

০৯ মে ২০২৬, ১২:২০ পিএম

সরকার ‘জুলাই সনদ’ ও ‘গণভোট’কে আলাদা করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ৮৪টি সংস্কার প্রস্তাবের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিলেও এখন সেই গণরায়কে অস্বীকার করা হচ্ছে।

শনিবার (৯ মে) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরোয়ার বলেন, ‘সরকার শুভঙ্করের ফাঁকি দিয়ে বলছে তারা জুলাই সনদ মানবে, কিন্তু একবারও বলছে না যে তারা গণভোটের রায় মেনে নেবে। জুলাই সনদ ও গণভোটের রায়কে আলাদা করে জনগণের মধ্যে বিভ্রান্তি ও প্রতারণা তৈরি করা হচ্ছে।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীসহ সরকারদলীয় নেতারাও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছিলেন। গণভোটে ৮৪টি সংস্কার প্রস্তাব ও ৪৭টি সাংবিধানিক সংস্কারের বিষয়ে জনগণ সমর্থন দিয়েছে। সেখানে কোনো ‘নোট অব ডিসেন্ট’ ছিল না। অথচ এখন ক্ষমতায় এসে তারা ভিন্ন কথা বলছেন।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, সংকট তৈরি করেছে বিএনপি, তাই সমাধানও করতে হবে বিএনপিকেই। তারা যদি রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত নেয়, তবে তার নেতিবাচক ফল তাদের ওপরেই বর্তাবে।

উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা যেখানে, সেখানে উন্নয়ন ও বরাদ্দ বেশি হচ্ছে। শুধু সরকারি দলের লোকজনের এলাকায় উন্নয়ন হবে আর অন্য এলাকা বঞ্চিত থাকবে এটি কোনোভাবেই ন্যায্যতা নয়।’

তিনি অবিলম্বে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার দাবি জানান। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনাসহ উত্তরাঞ্চলের উন্নয়নে জাতীয় সংসদে উত্থাপিত বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানান।

সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে মিয়া গোলাম পরোয়ার বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় মুক্ত গণমাধ্যম ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি তোলা হয়েছিল। কিন্তু এখন যেসব মিডিয়া সরকারের অপকর্মের সমালোচনা করছে, সেগুলো বন্ধ করা হচ্ছে। সাংবাদিকদের চাকরিচ্যুত করা হচ্ছে এবং কণ্ঠরোধের চেষ্টা চলছে।

মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মতবিনিময় শেষে মিয়া গোলাম পরোয়ার ঠাকুরগাঁও জেলায় জামায়াতের একটি অনুষ্ঠানে যোগ দিতে রওনা হন।

প্রতিনিধি/একেবি