জেলা প্রতিনিধি
০৯ মে ২০২৬, ১২:১৮ পিএম
পবিত্র ঈদুল আজহা (কোরবানি) উপলক্ষে দিনাজপুরের হিলি বন্দর বাজারে জমে উঠতে শুরু করেছে মসলার বেচাকেনা। তবে গত বছরের তুলনায় এবার প্রায় সব ধরনের মসলার দাম কমেছে।
শনিবার (৯ মে) সকালে হিলির মসলা বাজার ঘুরে দেখা যায়, ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ভিড় করতে শুরু করেছেন। বিশেষ করে এলাচ, জিরা, গোলমরিচ ও লবঙ্গের চাহিদা বেড়েছে।
বাজার সংশ্লিষ্টরা জানান, গত কোরবানি ঈদে সাদা এলাচ প্রকারভেদে প্রতি কেজি ৫ হাজার ৫০০ থেকে ৫ হাজার ৮০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা নেমে এসেছে ৪ হাজার ২০০ থেকে ৪ হাজার ৫০০ টাকায়। কালো এলাচের দামও কমেছে। আগে ৩ হাজার টাকা থাকলেও এখন প্রকারভেদে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ১ হাজার ৮০০ টাকার লবঙ্গ এখন ১ হাজার ৪০০ টাকায়, গোলমরিচ ১ হাজার ২০০ টাকায় এবং জিরা কেজিপ্রতি ৬৩০ টাকা থেকে কমে বর্তমানে ৫৬০ টাকায় বিক্রি হচ্ছে।

জয়পুরহাট থেকে আসা ক্রেতা নাজমুল হক বলেন, হিলি বন্দর দিয়ে ভারত থেকে সব ধরনের মসলা আমদানি হয়। তাই এখানকার বাজারে দাম তুলনামূলক কম পাওয়া যায়। প্রতি কোরবানির ঈদেই আমরা এখান থেকে মসলা কিনে নিয়ে যাই।
স্থানীয় ক্রেতা লুৎফর রহমান বলেন, গত বছরের তুলনায় এবার মসলার দাম অনেকটাই কম। সাদা এলাচ কেজিতে প্রায় এক হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে। জিরার দামও কমেছে। এতে আমাদের মতো সাধারণ ক্রেতারা উপকৃত হচ্ছি।
ব্যবসায়ীরা জানান, ভারত থেকে পর্যাপ্ত মসলা আমদানি হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে, যার ফলে দাম কমে এসেছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের মাঝে।
হিলির বিসমিল্লাহ মসলা ঘরের মালিক শাওন আহমেদ জানান, ভারত থেকে নিয়মিত মসলা আমদানি হওয়ায় বাজার স্থিতিশীল রয়েছে। ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা আসছেন। বর্তমানে বেচাকেনাও ভালো হচ্ছে। ঈদ যত ঘনিয়ে আসবে, বিক্রি আরও বাড়বে।
প্রতিনিধি/এসএস