images

সারাদেশ

সড়ক আটকিয়ে দুপক্ষের সংঘর্ষ, থামাতে গিয়ে এমপি আহত

জেলা প্রতিনিধি

০৯ মে ২০২৬, ০৮:১৮ এএম

সুনামগঞ্জের জাউয়াবাজার এলাকায় জমি বিক্রয় সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে টানা তিনদিনের উত্তেজনার জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে, সিলেট থেকে সুনামগঞ্জে ফেরার পথে সংঘর্ষের ঘটনা দেখে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সামনে এগিয়ে গিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এসময় পায়ে ও হাতে আঘাত পান তিনি। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

শুক্রবার (৮ মে) সন্ধ্যার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে সংঘর্ষ শুরু হয়। এসময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, জমি বিক্রয় সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবিরের নেতৃত্বে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান তালুকদারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একই সঙ্গে শান্তিগঞ্জ উপজেলা সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন।

97a9da60-1715-47c2-a873-0c6a1c852380

আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ তৎপরতায় বর্তমানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

 

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, সিলেট থেকে সুনামগঞ্জ আসার পথে সংঘর্ষ দেখে থামানোর চেষ্টা করি। এসময় পায়ে ও হাতে আঘাত লেগেছে। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছি।

প্রতিনিধি/টিবি