জেলা প্রতিনিধি
০৯ মে ২০২৬, ০৭:১০ এএম
গাজীপুরের শ্রীপুরে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে জিহাদ ও সুইটি নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ মে) উপজেলার গাজীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত জিহাদ (৬) উপজেলার নগর হাওলা গ্রামের জাকির হোসেনের ছেলে। সে নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। অন্যদিকে, নিহত সুইটি (১৪) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। পরিবারটি দীর্ঘ ১১ বছর ধরে শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল। তার বাবা-মা দুজনই স্থানীয় গার্মেন্টসে চাকরি করতেন। সুইটি বাক প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় জিহাদ। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পুকুরপাড়ে তার জুতা দেখতে পেয়ে সন্দেহ করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত জৈনা বাজারের আল বারাকা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, একই সময়ে দক্ষিণ ধনুয়া এলাকায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে সুইটি। এ সময় তার সঙ্গে থাকা এক শিশুকে বাঁচাতে গিয়ে নিজেই পানির নিচে তলিয়ে যায়। পরে দীর্ঘক্ষণ পর স্থানীয় এক কৃষক তাকে উদ্ধার করলে তাকে মৃত দেখতে পান।
আরও পড়ুন
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ বলেন, পুকুরের ডুবে শিশুর মৃত্যু হয়েছে এমন সংবাদে সেখানে পুলিশ পাঠানো হয়। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/টিবি