images

সারাদেশ

চুয়াডাঙ্গায় পাওনা টাকা নিয়ে বিরোধ: সালিশের আগেই কৃষককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি

০৯ মে ২০২৬, ০৭:০৬ এএম

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠকের আগেই আলিম উদ্দিন (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৯ মে) রাত ৮টার দিকে উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদাহ বাজারে এ ঘটনা ঘটে।

আলিম উদ্দিন শংকরচন্দ্র ইউনিয়নের মোকামতলা গ্রামের মৃত ঝড়ু মন্ডলের ছেলে।

নিহতের ভাই কালু মন্ডল জানান, আলিম উদ্দিনের ছেলে জিয়ারুলের কাছে লিয়াকত আলীর ছেলে ভুট্টা বিক্রির কিছু পাওনা টাকা পেতেন। প্রায় দুই বছর ধরে টাকা পরিশোধ না করে নানা ভাবে ঘুরিয়ে নেওয়া হচ্ছিল। বিষয়টি সমাধানের জন্য শুক্রবার রাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

তিনি আরও জানান, সালিশে বসার আগেই অভিযুক্ত লিয়াকত আলী ও তার ছেলে সেখানে এসে অতর্কিতভাবে আলিম উদ্দিনের ওপর হামলা চালায়। এসময় তাকে বুকে ও পিঠে এলোপাতাড়ি লাথি-ঘুষি মারা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুল ইসলাম সুজন বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধ সমাধানের জন্য আলিম উদ্দিনসহ কয়েকজন আমার কাছে এসেছিলেন। এসময় অভিযুক্ত লিয়াকত আলী ও তার ছেলে সেখানে এসে হামলা চালায়। আমি চেয়ার থেকে উঠতে উঠতেই আমার সামনেই ঘটনাটি ঘটে। পরে আলিম উদ্দিন অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সালিশ বৈঠককে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন অভিযুক্তকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি