images

সারাদেশ

‘মনে হয় মসজিদে আর নামাজ পড়তে পারবো না’

জেলা প্রতিনিধি

০৮ মে ২০২৬, ১০:৫১ পিএম

‘আমি হয়তো মসজিদে আর নামাজ পড়তে পারবো না, কারণ আমি পঙ্গু হয়ে গিয়েছি।’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন নড়াইলের লোহাগড়া উপজেলার করফা গ্রামের বাসিন্দা বৃদ্ধ ছিদ্দিক শেখ (৭৩)। নামাজ পড়ে বাড়ি ফেরার সময় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওৎ পেতে থাকা একদল ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

শুক্রবার (৮ মে) সরেজমিনে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে ভুক্তভোগী ছিদ্দিক শেখের বাড়িতে গেলে তিনি এসব কথা বলেন। এই ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত ৩ ও ৫ নম্বর আসামি একলিম শেখ (৪২) ও কাশেম শেখকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

জানা গেছে, করফা গ্রামের মৃত কুটি মিয়া শেখের ছেলে মো. ছিদ্দিক শেখ গত ২০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আতোষপাড়া জামে মসজিদে মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে হকিস্টিকসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এ ঘটনায় আহত ছিদ্দিক শেখ নিজে বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মামলা করেন। মামলায় রউফ শেখ, কবির শেখ, একলিম শেখ, পিলু শেখ, কাশেম শেখ, রমজান শেখ, মারুফ শেখ ও হাশেম আলীসহ অজ্ঞাত আরও ৫-৭ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বাদী উল্লেখ করেন, হামলাকারীরা রামদা, ছ্যানদা, চাইনিজ কুড়াল, লোহার রড, হাতুড়ি, হকিস্টিক ও লাঠি দিয়ে ছিদ্দিক শেখকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে গুরুতর জখম করে। হামলায় তার মাথা, হাত, ঘাড়, হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বৃদ্ধ ছিদ্দিক শেখ হামলার বীভৎস বর্ণনা দিতে গিয়ে ভেঙে পড়েন। তিনি আক্ষেপ করে বলেন, পঙ্গু হয়ে যাওয়ায় তিনি হয়তো আর কোনোদিন মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবেন না। এছাড়া তিনি অভিযোগ করেন, মামলা তুলে নেওয়ার জন্য প্রতিপক্ষের লোকজন প্রতিনিয়ত তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। তিনি এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও ন্যায়বিচার কামনা করেন।

এসব অভিযোগের বিষয়ে বিবাদী পক্ষের লোকজনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি, ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা ও লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসিব জানান, গত ২৫ এপ্রিল দুপুরে করফা এলাকা থেকে এজাহারনামীয় আসামি একলিম শেখ ও কাশেম শেখকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং তদন্ত শেষে দ্রুত পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।

প্রতিনিধি/একেবি