জেলা প্রতিনিধি
০৮ মে ২০২৬, ১০:৩৯ পিএম
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক বলেছেন, সেনবাগ উপজেলা ও পৌরসভায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের কমিটি গঠনের আলোচনা এলেই ‘অতীতের ছাত্রলীগ কানেকশন’ খোঁজা হয়। ত্যাগী নেতাকর্মীদের বাদ দেওয়ার এই প্রবণতাকে তিনি উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।
শুক্রবার সকালে জয়নাল আবেদীন ফারুক নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই মন্তব্য করেন।
জয়নাল আবেদীন ফারুক প্রশ্ন তোলেন যারা রাজপথে পুলিশের সাথে লড়াই করে দলকে টিকিয়ে রেখেছে, জেল খেটেছে এবং অসংখ্য মামলার শিকার হয়েছে, তখন কেন তাদের অতীত নিয়ে প্রশ্ন তোলা হয়নি? তিনি বলেন যখন কর্মীরা আন্দোলন-সংগ্রামে ছিল, তখন কেউ বলেনি অমুক ছাত্রলীগ করেছে বা অমুক আওয়ামী লীগ নেতার সাথে ছবি তুলেছে। এখন কমিটি গঠনের সময় কেন এই পুরনো প্রসঙ্গ টেনে তাদের বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে?
তিনি স্পষ্ট করেন যে, দলের দুঃসময়ে যারা মাঠে ছিল, তাদের বাদ দিয়ে নতুন কোনো সমীকরণ মেনে নেওয়া হবে না। কমিটি গঠনের ক্ষেত্রে ব্যক্তিগত ছবি বা অতীতের সামাজিক যোগাযোগকে বড় করে না দেখে রাজপথের সক্রিয়তাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি।
জয়নাল আবেদীন ফারুক নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, অনেক চিন্তাভাবনা এবং চুলচেরা বিশ্লেষণ করেই আগামী দিনের কমিটিগুলো গঠন করতে হবে। কোনো বিভ্রান্তি বা অপপ্রচারে কান না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার নির্দেশ দেন তিনি।
প্রতিনিধি/একেবি