images

সারাদেশ

যশোর ২৫০ শয্যা হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট চালুর নির্দেশ

জেলা প্রতিনিধি

০৭ মে ২০২৬, ১১:১৬ পিএম

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) পূর্ণাঙ্গভাবে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি যশোরবাসীর জন্য করোনারি কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ সেবা চালুর নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়টি পুনর্ব্যক্ত করেন। পরে স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরীকে দ্রুততম সময়ের মধ্যে ইউনিটটি চালুর লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, ২০০১ সালে বিএনপি সরকারের আমলে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে যশোরে একটি পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। সে সময় ইউনিটের জন্য ভবন নির্মাণ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ের কাজও সম্পন্ন হয়েছিল। তবে সরকার পরিবর্তনের পর ইউনিটটি আর পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি।

এর আগে সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রায় ১৯ বছর ধরে মূল্যবান চিকিৎসা যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হয়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও সরকারি অর্থের অপচয়ের কারণে যশোরবাসী দীর্ঘদিন জরুরি হৃদরোগ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছেন।

এ বিষয়ে যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, প্রতিমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি তাদের জানানো হয়েছে এবং অফিসিয়াল কার্যক্রম শুরু করতে বলা হয়েছে। ইউনিটটি চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি।

এআরএম