images

সারাদেশ

সুবর্ণচরে শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় শিক্ষক গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৭ মে ২০২৬, ০৮:৫৯ পিএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত মাদরাসা শিক্ষক আবুল খায়েরকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী জেলা শহর মাইজদী থেকে তাকে গ্রেফতার করে সুবর্ণচর থানায় নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

গ্রেফতার হওয়া আবুল খায়ের সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যবাগ্যা গ্রামের আবুল বারেকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মোহাম্মদ রহিমের অভিযোগের ভিত্তিতে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় ওই শিক্ষার্থীর জবানবন্দি রেকর্ড করা হয়। আদালত জবানবন্দির ভিত্তিতে বিষয়টি মামলা হিসেবে গ্রহণ করার জন্য পুলিশকে নির্দেশ দেন।

পরবর্তীতে মামলা দায়েরকে কেন্দ্র করে ভুক্তভোগী ছাত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ৫ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে ছাত্রীর বাড়িতে হামলা চালাচ্ছে। এ সময় পরিবারের সদস্যদের আতঙ্কিত ও কান্নাকাটি করতে দেখা যায়। ভিডিওতে হামলাকারীদের মামলা তুলে নেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে হুমকি দিতেও দেখা যায়। এই হামলার ঘটনায় ভুক্তভোগীর মা সুবর্ণচর থানায় আরও একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ‘শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলার পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামি আবুল খায়েরকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় চর ব্যাগ্যা দারুল আরকাম ইসলামিয়া মাদরাসার হাফেজ বিভাগের ছাত্রী।

প্রতিনিধি/একেবি