images

সারাদেশ

লালমনিরহাটের ৩০ লাখ টাকার ভারতীয় প্যান্টের পিস জব্দ

জেলা প্রতিনিধি

০৭ মে ২০২৬, ০৬:১৩ পিএম

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর চলমান চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিস জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ঘাঘলা বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল জানতে পারে যে, সীমান্ত পথে ভারতীয় প্যান্ট পিছের একটি বড় চালান বাংলাদেশে পাচারের চেষ্টা করা হবে। এমন তথ্যের ভিত্তিতে সকাল ৭টার দিকে ঘাঘলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় ব্যাটারিচালিত অটোভ্যানে করে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি মালামাল বহন করে আসছিল। বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দিলে চোরাকারবারিরা অটোভ্যান ও মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১ হাজার ৫০০ মিটার ভারতীয় প্যান্ট পিস জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক জানান, জব্দকৃত পণ্যের সিজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানবপাচার প্রতিরোধে বিজিবি সবসময় আপোশহীন। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে