জেলা প্রতিনিধি
০৭ মে ২০২৬, ১২:১৮ পিএম
নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কার এক ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম আলী হোসেন (৩৫)। তিনি সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আঁচলকোট গ্রামের আবু হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে সিংড়া ছাগলহাট থেকে ছাগল কিনে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী আলী হোসেন। পথে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে এক ট্রাক তার অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছাগল ব্যবসায়ী আলী হোসেনের মৃত্যু হয়। এসময় আহত হন আজাদ, আফসার আলী ও সিরাজ নামে তিন যাত্রী। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ট্রাক রেখে চালক পালিয়ে গেছে।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ট্রাকের ধাক্কায় একজন মারা গেছেন। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত কাজ চলছে।
প্রতিনিধি/টিবি