জেলা প্রতিনিধি
০৬ মে ২০২৬, ০১:৩৭ পিএম
নেত্রকোনার কলমাকান্দায় নিখোঁজের দুই দিন পর ধানখেত থেকে এক কন্যা শিশুর গামছা প্যাঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ মে) সকাল ৯টার দিকে কৈলাটি ইউনিয়নের হুগলি গ্রাম থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত শিশুর নাম জান্নাত আক্তার (৫)। সে হুগলি গ্রামের আসাদ মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে জান্নাত আক্তার একটি লাল রংয়ের জামা পরে গলায় গামছা দিয়ে ঘর থেকে বের হয়। এরপর সে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলা করতে থাকে। এক পর্যায়ে সেখান থেকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে মাইকিং, থানায় সাধারণ ডায়েরি করাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোথাও পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয় এক ব্যক্তি আসাদ মিয়ার বাড়ির পেছনে প্রায় ৩০০ গজ দূরে ধানখেতের আইলে একটি শিশুর খণ্ডিত লাশ দেখতে পান। পরে পরিবারের লোকজন লাশটি জান্নাতের বলে শনাক্ত করে। খবর পেয়ে পুলিশ বিচ্ছিন্ন অবস্থায় শিশুটির দেহ ও একটি পা উদ্ধার করে। সকাল ১০টার দিকে লাশটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়।
শিশুটির আত্মীয় পাশের সনুড়া গ্রামের বাসিন্দা সৈয়দ আমিনুল হক বলেন, কীভাবে এমন হলো কিছুই বুঝতে পারছি না। বাচ্চাটির শুধু ডান পায়ের নিচ ও মাথার অংশটুকু গামছা প্যাঁচানো আছে। আর কিছু নেই। আমার চাচাতো ছোট ভাই আসাদ মিয়ার সঙ্গে কারো কোনো শত্রুতা আছে বলে জানা নেই। আমরা চাই এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে পুলিশ জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত কার্যক্রম চালাচ্ছে। মনে হয় শেয়াল-কুকুরে কামড়ে দেহ থেকে হাত-পা শরীর খেয়ে ফেলছে। অবশিষ্ট অংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে।
প্রতিনিধি/এসএস