images

সারাদেশ

৩৬ টাকা কেজি দরে ধান, ৪৯ টাকায় চাল কিনবে খাদ্য বিভাগ

জেলা প্রতিনিধি

০৬ মে ২০২৬, ১২:৪৭ পিএম

বগুড়ায় চলতি মৌসুমে ৩৬ টাকা কেজি দরে ধান ও ৪৯ টাকা কেজি দরে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। এ বছর জেলায় ১৭ হাজার ৭৮১ মেট্রিক টন ধান, ৭২ হাজার ৬০২ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৩ হাজার ৮১১ মেট্রিক টন আতপ চাল কেনা হবে।

গতকাল মঙ্গলবার বগুড়া জেলায় বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধনকালে এসব তথ্য জানানো হয়। বগুড়া সদর এলএসডিতে (লোকাল সাপ্লাই ডিপো) এই কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ।

সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন-উর-রশিদ জানান: ধান: প্রতি কেজি ৩৬ টাকা; সেদ্ধ চাল: প্রতি কেজি ৪৯ টাকা; আতপ চাল: প্রতি কেজি ৪৮ টাকা।

কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবার সরাসরি তাদের কাছ থেকে ধান সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘কৃষক অ্যাপ’ এবং কৃষি বিভাগের তালিকার মাধ্যমে প্রকৃত কৃষকদের নির্বাচন করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই পদ্ধতির ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে।

আগামী ৩১ জুলাই পর্যন্ত বোরো সংগ্রহ কার্যক্রম চলবে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিনিধি/একেবি