images

সারাদেশ

লক্ষ্মীপুরে থানায় মামলা করতে গিয়ে গ্রেফতার ছাত্রলীগ নেতা

জেলা প্রতিনিধি

০৫ মে ২০২৬, ০৬:১১ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা হারুনুর রশিদ নয়নকে আটক করেছে পুলিশ। পরে তাকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখানো হয়।

মঙ্গলবার (৫ মে) দুপুরে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ উঠেছে, নয়নের বড় ভাই মঞ্জু মোল্লাকে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। ওই ঘটনায় থানায় মামলা করতে গেলে তা না নিয়ে উল্টো নয়নকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার নয়ন উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ মোল্লার ছেলে।

সোমবার (৪ মে) রাতে রায়পুর উপজেলা শহর থেকে তাকে আটক করে পুলিশ। মঙ্গলবার দুপুরে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে থানা পুলিশ। 

নাম প্রকাশ্যে অনিচ্ছুক নয়নের কয়েকজন শুভাকাঙ্ক্ষী জানায়, দুর্বৃত্তরা সোমবার বিকেলে চরলক্ষ্মী গ্রামে নয়নের বড় ভাই মালদ্বীপ প্রবাসী মঞ্জুর মোল্লাকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় সে থানায় মামলা করতে যায়। সেখান থেকেই তাকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে জানতে নয়নের ভাই জাকির হোসেন মোল্লাকে মোবাইল ফোনে কল দিলেও তিনি কোনো কিছু বলতে রাজি হননি।

তবে নয়নের ভগ্নিপতি নুর মোহাম্মদ বলেন, নয়ন রাতে থানায় গেলে সেখান থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। আগে মামলা থাকলেও তিনি জামিনে ছিল। কী জন্য গ্রেফতার হয়েছে তা জানা নেই।

রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, সন্ত্রাসবিরোধী মামলায় নয়নকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে থানা এলাকার বাইরে থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি থানায় কোনো মামলা করতে আসেননি।

প্রতিনিধি/এসএস