images

সারাদেশ

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দুই মন্ত্রী, দিলেন নগদ ও খাদ্য সহায়তা

জেলা প্রতিনিধি

০৫ মে ২০২৬, ০৫:৩৩ পিএম

টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ফসল হারিয়ে দিশেহারা কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য হাওরে গেলেন দুই মন্ত্রী। উদ্বোধন করলেন কৃষকদের নগদ অর্থ ও খাদ্য সহায়তা কার্যক্রম।

মঙ্গলবার (৫ মে) দুপুরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ৪০০ জন কৃষকের মাঝে এই সহায়তা বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কৃষি ও ত্রাণ-দুর্যোগ মন্ত্রীসহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এসময় নগদ ৭ হাজার ৫০০ টাকা এবং ২০ কেজি চাল তুলে দেওয়া হচ্ছে কৃষকদের হাতে।

এসময় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানান, হাওরের কৃষি ও কৃষকের সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ভবিষ্যতে যেন এমন দুর্যোগে ক্ষতি কম হয়, সে লক্ষ্যে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ।

হাওরের কৃষক ও কৃষি অর্থনীতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছি, যাতে ভবিষ্যতে এমন ক্ষয়ক্ষতি কমানো যায় বলে জানান মন্ত্রী।

97b192c9-0c57-404d-b8a5-fecaa264b615

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের সহায়তা কার্ড দেওয়া হচ্ছে। যাচাই-বাছাই শেষে সহায়তার পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এর আগে হাওরের ক্ষয়ক্ষতি নিয়ে প্রশাসন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রীরা। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র তুলে না ধরায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব এবিএম ছাত্তার প্রমুখ।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১ লাখ ৫৫ হাজার হেক্টর জমির ধান কাটা হয়েছে, বাকি রয়েছে আরও প্রায় ৩০ শতাংশ। আর প্লাবিত হয়েছে ২০ হাজার হেক্টরের বেশি জমির ফসল।

প্রতিনিধি/এসএস