জেলা প্রতিনিধি
০৫ মে ২০২৬, ০৫:১৬ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় অভিযান পরিচালনা করতে গিয়ে হামলার শিকার হয়েছে র্যাব-১১'র সদস্যরা। এ ঘটনায় র্যাবের তিনজন সদস্য গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে বারোটার দিকে ১৪ নং ওয়ার্ডের মাসদাইর বোয়ালিয়া খালস্থ বাধন কমিউনিটি সেন্টারের গলিতে এ ঘটনা ঘটে।
আহত র্যাব সদস্যরা হলেন কনস্টেবল ইব্রাহিম, মাহী (ভিক্টোরিয়া) ও লেন্সনায়েক নাজিবুর (সিএমএইচ)।
র্যাব-১১'র একটি সূত্র জানায়, বেলা সাড়ে ১২টার দিকে র্যাব-১১ এর একাধিক সদস্য ইমন হত্যা মামলার এক আসামি কে গ্রেফতার করতে সেখানে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এতে করে তিনজন সদস্য আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, র্যাব-১১ এর গোয়েন্দা শাখার পাঁচ থেকে ছয়জন সদস্য বোয়ালিয়া খাল এলাকায় অভিযান পরিচালনা করতে যান। এসময় স্থানীয় সন্ত্রাসীরা র্যাব সদস্যদের ধারালো অস্ত্রসহ ধাওয়া করে।
এসময় র্যাব-১১ এর তিন সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। পরে আহতদের উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় (সিএমএইচ) পাঠানো হয়।
র্যাব-১১ এর সিও সাজ্জাদ হোসেন জানান, আমরা ঘটনাস্থলে কাজ করছি। অভিযান চলমান আছে। শিগ্গিরই এ বিষয়ে ব্রিফিং করা হবে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।
প্রতিনিধি/এসএস