images

সারাদেশ

‘যেখানে যোগাযোগব্যবস্থা উন্নত, সেখানেই উন্নয়নের ক্ষেত্র তৈরি হচ্ছে’

জেলা প্রতিনিধি

০৫ মে ২০২৬, ০৪:৪৪ পিএম

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ) বলেছেন, যেখানে যোগাযোগ ব্যবস্থা উন্নত, সেখানেই উন্নয়নের ক্ষেত্র তৈরি হচ্ছে।

মঙ্গলবার (৫ মে) সকাল ১১টার দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে 'দেবীদ্বার- চান্দিনা সড়ক' প্রশস্ততায় উন্নীত করণের লক্ষ‍্যে স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যদি কর্মসংস্থান নিশ্চিত করতে চাই, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। আমাদের সরকারি খাতের বাইরে প্রাইভেটাইজেশনকে গুরুত্ব দিতে হবে। তাই 'দেবীদ্বার- চান্দিনা' সড়কটি ৩০ ফুট প্রশস্তে উন্নয়ন হলে এ এলাকার গুরুত্ব বেড়ে যাবে। আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সুযোগ হবে। এ রাস্তাটা হলে ২৫ কিলোমিটার সড়ক কার্প হবে। তাহলে মুরাদনগর, ব্রাহ্মনবাড়িয়া থেকে পুরো এলাকার যানবাহন এ রাস্তা দিয়ে চলে যাবে। যতবেশি হেভি ট্রান্সপোর্টেশন পারাপার হবে তত বেশি আমাদের এ এলাকার গুরুত্ব বাড়বে। এ সড়কের পাশে ৫টি ইউনিয়ন আছে, এ ইউনিয়নগুলোতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের অনেক সুযোগ আছে। যত বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে তত বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটবে, তত বেশি এলাকা উন্নত হবে। আমরা গতকালও ভানী ইউনিয়নে একটি বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের সঙ্গে বসেছিলাম, কীভাবে প্রতিষ্ঠানটি করা যায়।

তিনি বলেন, আমাদের অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, যারা নিজ এলাকায় ইন্ডাস্ট্রিজ করতে চান না। শুধুমাত্র ট্রান্সপোর্ট সমস্যার কারণে। যদি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে পারি, এলাকার জমিগুলোর গুরুত্ব বাড়াতে পারি, তাহলে এ এলাকায় ইনভেস্টার আসবেন এবং ইনভেস্ট করাটাও অনেক সহজ হবে।

তিনি বলেন, ইতোমধ্যে সড়কটি ৮.৫ মিটার প্রস্তাব করা হয়। আমি দাবি করছি ৯.১৪ মিটার অর্থাৎ ৩০ ফুট প্রশস্ত করার। এ সড়কের ২২টি অ্যাংগেল স্ট্রেট করতে হবে। সড়কটি হলে আমাদের ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, এখন আমাদের মাদক নির্মূলে কাজ করতে হবে। এ ক্ষেত্রে অভিযান চললে একদল বলবে, আমরা কী করে খাব? আমাদের স্ত্রী, সন্তানদের কি খাওয়াব? তখন আমাদের কি কিছু বলা বা করার থাকবে? আমরা গোমতী নদীর মাটি কাটা বন্ধ করে দিয়েছি। একদল রাজপথে মিছিল নিয়ে বেরিয়েছেন, তারা আইনগতভাবে মাটিকাটার সুযোগ চায়। আচ্ছা বলেন তো, চোর যদি চুরির স্বাধীনতা চায়, এটা আপনি কীভাবে দেখবেন? এখানে আর কী করার আছে?

তিনি বলেন, দেবীদ্বারে ২৪টি ইটভাটা আছে, এগুলোর মধ‍্যে ৮টির পরিবেশ ছাড়পত্রসহ বৈধতা আছে, বাকি ১৬টির কোনো কাগজপত্র নেই। সেগুলো ভেঙে দেওয়া হবে। ইতোমধ্যে ইটভাটা ভাঙা শুরু হয়েছে, আজকেও ভাঙা হচ্ছে। ইটভাটা ভাঙতে জনবল, ভাঙার যন্ত্রপাতির প্রয়োজন, তাই একদিনে সব ইটভাটা ভাঙা সম্ভব নয়। তবে অবৈধ ১৬টি ইটভাটা ভাঙা হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক দল, ব্যক্তি দেখা হয় না, যা করছে তা পরিবেশ মন্ত্রণালয়। এখন থেকে আমাদের ইটের ওপর নির্ভর না করে ব্লকের ব্যবহার বাড়াতে হবে।

সড়ক ও জনপদ অধিদফতরের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে চান্দিনা-দেবীদ্বার জেলা মহাসড়কটি (জেড-১০০৮) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণের লক্ষ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরীকরণের জন‍্য স্থানীয় পর্যায়ে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ), বিশেষ অতিথি ছিলেন, সড়ক ও জনপদ কুমিল্লা বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, উপবিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভুঁইয়া, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমান, প্রকৌশলী সাঈদ হাসান সিকদার, রোড ড্রেজিং ইঞ্জিনিয়ার মো. গোলাম গাফ্ফার খান।

আলোচনায় অংশ নেন, মোসলেহ উদ্দিন মাস্টার, মো. মো. সাইফুল ইসলাম সহিদ, মো. জসীম উদ্দিন, কাজী মাসুদ, এবিএম আতিকুর রহমান বাশার, ইঞ্জিনিয়ার মো. শাহ জামান, অহিদুর রহমান, আবুবকর, নুরুল হুদা প্রমুখ।

প্রকৌশল বিভাগের পক্ষ থেকে বড় পর্দায় সড়কের চিত্র তুলে ধরেন এবং ১৪ কিলোমিটারের সড়কটির ৬০টি বাঁকের মধ্যে ২২টি বাঁক সোজা করার পরিকল্পনাসহ নানা দিক তুলে ধরেন।

প্রতিনিধি/এসএস