উপজেলা প্রতিনিধি
০৫ মে ২০২৬, ০৪:৪১ পিএম
নোয়াখালীতে অনুষ্ঠাতব্য ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ ফুটবল ইভেন্টে ফাইনালে খেলবে হাতিয়া উপজেলা।
মঙ্গলবার (৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে নোয়াখালী জেলার শহীদ ভুলু স্টেডিয়ামে সদর পৌরসভার সাথে হাতিয়া টিমের ফাইনাল খেলা শুরু হবে।
এর আগে, ৩ মে ১ম রাউন্ডে হাতিয়া উপজেলা টিম ৬-০ গোলে সেনবাগকে হারিয়েছে, ৪ মে ২য় রাউন্ডে ৫-০ গোলে সোনাইমুড়িকে হারিয়েছে।
সর্বশেষ ৫ মে সকাল ৯টায় সেমিফাইনালে ২-০ গোলে চাটখিল উপজেলাকে হারিয়ে ফাইনালে উঠেছে হাতিয়া উপজেলা। ফলে বিকেল সাড়ে ৪টায় জেলার সদর পৌরসভার সাথে ফাইনাল পর্বে মাঠে নামছে দলটি।
হাতিয়া উপজেলার পক্ষে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন আব্দুল হামিদ মাহির।
এছাড়া, নতুন কুঁড়ি স্পোর্টসের ৭টি ইভেন্টের মধ্যে হাতিয়া উপজেলা টিম ২০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ান, সাঁতার চিৎ ৩য় স্থান, উন্মুক্ত সাঁতার ২য়, ব্যাডমিন্টন দ্বৈত মেয়ে রানার্সআপ এবং কাবাডি রানার্সআপ হয়েছে।
হাতিয়া ফুটবল টিমের কোচ কাজী মাসুম জানান, অল্প সময়ের মধ্যে আমরা প্লেয়ারদেরকে ভালোভাবে গড়ে তুলতে পারিনি। এরপরও আমাদের টিম সন্তোষজনক পারফরমেন্স দেখিয়েছে। আমাদের বিশ্বাস ফাইনালেও আমরা জিতব ইনশাল্লাহ।
নতুন কুঁড়ি স্পোর্টসের হাতিয়া টিম ম্যানেজার সোয়েব উদ্দিন বলেন, সবগুলো ইভেন্টে আমাদের টিম ভালো করেছে। কিছুতে চ্যাম্পিয়ান, কিছুতে রানার্সআপ হয়েছি। ফুটবল ফাইনালেও আমরা জিতব ইনশাল্লাহ।
উল্লেখ্য, ১২ থেকে ১৪ বছরের কিশোর কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে দেশব্যাপী এ প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। যার অংশ হিসেবে নোয়াখালী জেলাতেও উৎসাহ উদ্দীপনার সাথে এ প্রতিযোগিতা চলমান রয়েছে।
প্রতিনিধি/ এজে