images

সারাদেশ

রংপুরে অটোরিকশা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৪ মে ২০২৬, ১১:৪০ পিএম

রংপুরে বিশেষ অভিযান চালিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের দুই পেশাদার সদস্যকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) মাহিগঞ্জ থানা।

সোমবার (৪ মে) সন্ধ্যায় আরপিএমপি মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, মাহিগঞ্জ থানার নিয়মিত মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের বিশেষ অভিযান চলাকালীন এই দুই পেশাদার চোরকে গ্রেফতার করা হয়। গত ৩ মে রাতে নগরীর সরেয়ারতল বাজার এলাকা থেকে নাটোর জেলার নলডাঙ্গা থানার দুর্লভপুর এলাকার বাবু মিয়ার ছেলে রাসেলকে (২৫) গ্রেফতার করা হয়। 

একই অভিযানে নগরীর মাহিগঞ্জ এলাকার হাজি ফিলিং স্টেশনের সামনে থেকে রংপুর জেলার কাউনিয়া থানার হরিশ্বর এলাকার শফিকুল ইসলামের ছেলে আলমগীর হোসেনকে (৩৯) একটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশাসহ গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/একেবি