images

সারাদেশ

৭ বছর আগে ‘নিখোঁজ ও হত্যার শিকার’ তরুণীকে জীবিত উদ্ধার করল পুলিশ

জেলা প্রতিনিধি

০৪ মে ২০২৬, ১০:২৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আয়েশা খাতুন নামে এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। প্রায় সাত বছর আগে তাকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে দাবি করে আসছিল তার পরিবার। 

অবশেষে গত রোববার (৩ মে) রাতে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারেক।

আয়েশা খাতুন উপজেলার খাল-আলমপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে।

ওসি আব্দুল বারেক জানান, ২০১৯ সালের ৩১ মে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন আয়েশা। দীর্ঘদিন খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে মা আদুরী বেগম আদালতে অপহরণ ও হত্যার অভিযোগে মামলা করেন। তবে পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করে অভিযোগের সত্যতা না পাওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

পরবর্তীতে ২০২৪ সালে আয়েশার মা বাদী হয়ে চারজনকে আসামি করে অপহরণ ও হত্যার অভিযোগে পুনরায় নতুন মামলা করেন। মামলাটি বর্তমানে ভোলাহাট থানায় তদন্তাধীন রয়েছে।

ওসি আরও জানান, সম্প্রতি আয়েশা জীবিত আছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ নজরদারি শুরু করে। রোববার বিকেলে তিনি রাজশাহী থেকে বিআরটিসি বাসে চড়ে ভোলাহাটে আসছেন নিশ্চিত হয়ে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। বাসটি পৌঁছালে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা তার দীর্ঘ অনুপস্থিতির বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। তিনি কখনো কুষ্টিয়ায়, আবার কখনো ঢাকার মিরপুরে অবস্থানের কথা জানিয়েছেন।

সোমবার (৪ মে) দুপুরে আয়েশাকে আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তার ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে নিজ বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।

প্রতিনিধি/একেবি