জেলা প্রতিনিধি
০৪ মে ২০২৬, ০৯:৩৩ পিএম
লক্ষ্মীপুরের বৃহত্তর রামগতি উপজেলার পুত্রবধূ বিথিকা বিনতে হোসাইনকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) সন্ধ্যায় কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে বৃষ্টি উপেক্ষা করে এই আনন্দ মিছিল করেন স্থানীয় নেতাকর্মীরা। বিথিকা বিনতে হোসাইন বৃহত্তর রামগতির কৃতি সন্তান ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি প্রয়াত শফিউল বারী বাবুর সহধর্মিণী।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন কমলনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও চর মার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রকি সওদাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আবু নুর সোহাগ, সাবেক যুগ্ম আহ্বায়ক রেদোয়ান হোসেন, আবদুল্লাহ আল নোমান, সাবেক ছাত্রদল নেতা আলতাফ হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জামাল উদ্দিন আফগানী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আক্তার মাহমুদ, যুগ্ম আহ্বায়ক বাচ্চু মোল্লা ও সদস্য শাকিল হোসেন প্রমুখ।
যুবদল নেতা রকি সওদাগর বলেন, ‘শফিউল বারী বাবু ছিলেন এই অঞ্চলের এক উজ্জ্বল নক্ষত্র। তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ ও জনপ্রিয়তা আজও অম্লান। সেই উজ্জীবিত কর্মীরা আজ বিথিকা ভাবির পাশে দাঁড়িয়েছেন। তিনিও তৃণমূলের মানুষের কাছে একজন অত্যন্ত জনপ্রিয় নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।’
সংরক্ষিত নারী আসনে লক্ষ্মীপুর থেকে বিএনপি বিথিকা বিনতে হোসাইনকে মনোনয়ন প্রদান করে। নির্বাচনে তিনি জয়লাভ করেন এবং গত রোববার (৩ মে) রাতে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
প্রতিনিধি/একেবি