images

সারাদেশ

শেখ হাসিনা ঐক্য পরিষদের নামে বৈঠক, ছাত্রলীগ-যুবলীগের ১৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক

০৪ মে ২০২৬, ০৫:০৫ পিএম

শেখ হাসিনা ঐক্য পরিষদের নামে অনুষ্ঠিত এক বৈঠক থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৩ মে) দিনগত রাতে নগরীর হালিশহর থানার নয়াবাজার বিশ্বরোড এলাকার তায়েফ রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়। 

আটক ১৪ জনের মধ্যে শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রধান সংগঠক শহীদুল ইসলামও আছেন বলে নিশ্চিত করেছেন ডিবি কর্মকর্তারা।

সোমবার (৪ মে) সকালে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের আসল রাজনৈতিক পরিচয় আড়াল করে শেখ হাসিনা ঐক্য পরিষদ নামে বৈঠক করছিলেন।

দেশে-বিদেশে পলাতক নেতারা অনলাইনে ওই বৈঠকে যুক্ত হবেন- এমন তথ্য পেয়ে ডিবি পুলিশের একটি টিম হালিশহর থানার নয়াবাজার বিশ্বরোড এলাকায় তায়েফ রেস্টুরেন্টে অভিযান চালায়। অভিযানে ১৪ নেতাকর্মীকে আটক করা হয়।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, নিষিদ্ধ সংগঠন হওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা মিলে সম্প্রতি শেখ হাসিনা ঐক্য পরিষদ নামে সংগঠনটি গড়ে তোলেন। এভাবে তারা সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। পলাতক কিছু লোকজন অনলাইনে যুক্ত হয়ে বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি দিকনির্দেশনা দেবেন, এমন তথ্যও আমাদের কাছে ছিল।

অভিযানের বিষয়ে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে নিষিদ্ধ সংগঠনটির নেতারা তায়েফ রেস্টুরেন্টের চতুর্থ তলায় হলরুমে জড়ো হতে শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে আমরা ৮টার দিকে অভিযান শুরু করি। ১৪ জনকে হাতেনাতে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য দেওয়া হবে।

পুলিশের দাবি, সাম্প্রতিক সময়ে মহানগরের বিভিন্ন এলাকায় ছাত্রলীগের ব্যানারে মিছিল ও সাংগঠনিক তৎপরতা বেড়ে গেছে। গত ২৫ এপ্রিল পলোগ্রাউন্ড, ওআর নিজাম রোড ও কর্ণফুলী মার্কেট এলাকায় পৃথক মিছিলের ঘটনা ঘটে।

এর আগেও অনন্যা আবাসিক ও আউটার রিং রোড এলাকায় মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি জোরদার করে। তারই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও বলছে, বিদেশে অবস্থানরত কিছু নেতার সঙ্গে সমন্বয় করে স্থানীয় পর্যায়ে সংগঠন পুনর্গঠনের চেষ্টা চলছিল। 

আটক হওয়া ব্যক্তিদের অধিকাংশই চট্টগ্রাম উত্তর জেলা ইউনিটের সঙ্গে যুক্ত এবং তাদের বাড়ি সীতাকুন্ড ও মিরসরাই উপজেলা এলাকায়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এএইচ