জেলা প্রতিনিধি
০৪ মে ২০২৬, ০৪:২৫ পিএম
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নিহত মমতাজ খাতুন (২২) কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কাজাইকাটা এলাকার মৃত ময়নাল হকের মেয়ে এবং স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
অভিযোগ উঠেছে, হত্যাকাণ্ডের পর মরদেহ গুম করার উদ্দেশ্যে প্লাস্টিকের বস্তায় ভরে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের তোপের মুখে তা ফেলে পালিয়ে যান অভিযুক্ত স্বামী আনোয়ার হোসেন (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন তার স্ত্রী মমতাজ, চার বছর বয়সী কন্যা এবং শাশুড়িকে নিয়ে বাইমাইল পূর্বপাড়া এলাকায় মো. মোকছেদের বাড়িতে ভাড়া থাকতেন। অনলাইন জুয়ায় আসক্ত আনোয়ারের কোনো স্থায়ী পেশা ছিল না, যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের কলহ চলছিল। গত মধ্যরাতে সেই বিরোধের জেরে আনোয়ার তার স্ত্রীকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
এরপর মরদেহটি একটি সাদা প্লাস্টিকের বস্তায় ভরে ঘাড়ে নিয়ে রাস্তা পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে থামিয়ে তল্লাশি করতে চান। এ সময় আনোয়ার বস্তাটি রাস্তায় ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা চিৎকার শুরু করেন। নিকটস্থ চেকপোস্টে দায়িত্বরত পুলিশের দুই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলমগীর হোসেন ও আব্বাস তাকে ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে স্থানীয়রা বস্তাটি খুলে এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হামিদুর ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/একেবি