জেলা প্রতিনিধি
০৪ মে ২০২৬, ০৪:০০ পিএম
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বানিয়াগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনকালে এক শিক্ষিকার অনুপস্থিতি দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী।
সোমবার (৪ মে) বেলা ১১টার দিকে তিনি বিদ্যালয়টি পরিদর্শনে যান। জানা গেছে, ওই বিদ্যালয়ে কর্মরত ৬ জন শিক্ষকের মধ্যে একজন ছুটিতে থাকলেও বাকি ৫ জনের উপস্থিত থাকার কথা। কিন্তু সংসদ সদস্যের পরিদর্শনকালে ৫ জনের মধ্যে মাত্র ৪ জন শিক্ষককে উপস্থিত পাওয়া যায়। হাজিরা খাতায় স্বাক্ষর থাকা সত্ত্বেও হেলেনা খাতুন নামের এক শিক্ষিকাকে বিদ্যালয়ে পাওয়া যায়নি।
এমপি হিলালী দীর্ঘ সময় বিদ্যালয়ে অবস্থান করলেও ওই শিক্ষিকার দেখা মেলেনি। পরে তিনি বিষয়টি পরিদর্শন বহিতে লিপিবদ্ধ করেন এবং সংশ্লিষ্ট শিক্ষিকার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে প্রধান শিক্ষককে নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের পাশেই ওই শিক্ষিকার নানাবাড়ি হওয়ায় তিনি প্রায়ই স্কুলে এসে হাজিরা দিয়ে সেখানে চলে যান এবং দীর্ঘ সময় অবস্থান করেন। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে এমপি হিলালী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার আকন্দ জানান, সংসদ সদস্য যখন বিদ্যালয়ে আসেন, তখন ওই শিক্ষিকা উপস্থিত ছিলেন না। তবে তিনি দাবি করেন, হেলেনা খাতুন সকালে স্কুলে এসে ক্লাস নিয়েছিলেন।
এ বিষয়ে সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী বলেন, ‘হাজিরা খাতায় ৫ জন শিক্ষকের স্বাক্ষর থাকলেও বাস্তবে ৪ জনকে পাওয়া গেছে। অনুপস্থিত শিক্ষিকা কোথায় গেছেন, তা প্রধান শিক্ষকও বলতে পারেননি। কোনো উপযুক্ত কারণ ছাড়া স্কুল চলাকালীন কর্মস্থল ত্যাগ করা মোটেও গ্রহণযোগ্য নয়। সরকার শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য কাজ করছে, আর তাদের এমন দায়িত্বজ্ঞানহীনতা মেনে নেওয়া যায় না।’
তিনি আরও জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/একেবি